সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং অপপ্রচার মোকাবেলায় কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এ আহ্বান জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।সাইবার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে, সাইবার অপরাধের হুমকি আমাদের সব দেশকে প্রভাবিত করছে। সাইবার নিরাপত্তা বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা। সম্প্রতি আমরা ভুল তথ্য এবং বিভ্রান্তির আক্রমণ মোকাবিলা করছি।
বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের নিন্দা করে আসছে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদের সকল রূপের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন এবং ডোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।